দুই ম্যাচ বাকি থাকতেই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে ছিটকে গেছে বাংলাদেশ। প্রথম চার ম্যাচে কোনো জয় না পাওয়ায় মূল পর্বে খেলার সুযোগ হারিয়েছে হ্যাভিয়ের কাবরেরার দল।
তবু সামনে থাকা ভারতের বিপক্ষে ম্যাচ ঘিরে লাল-সবুজ সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে সুনীল ছেত্রীদের মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে ৯ নভেম্বর দুপুর ২টা থেকে অনলাইন প্ল্যাটফর্ম কুইকেটে।
গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু করেছিল বাংলাদেশ। শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচ গোলশূন্য ড্র হয়। বেশ কিছু সুযোগ তৈরি করেও গোল করতে পারেননি কাবরেরার শিষ্যরা। ওই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজা চৌধুরীর।
এরপর ঘরের মাঠে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে টানা দুটি পরাজয় বরণ করে বাংলাদেশ। সর্বশেষ ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট ভাগ করে ফেরে দলটি।
ফলাফল অনুকূলে না এলেও বাছাইপর্বের প্রতিটি ম্যাচেই লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে লাল-সবুজেরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়