ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় শরিফ ওসমান হাদিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা ছিল অত্যন্ত আশঙ্কাজনক। তাকে সিপিআর দেওয়ার পর বর্তমানে রক্তচাপ কিছুটা উন্নতি হলেও মাথার ভেতরে একটি গুলি রয়ে গেছে এবং কানের পাশেও গুলি লেগেছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জরুরি বিভাগেই তার চিকিৎসা চলছিল।
দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরে ঢাকার ৮ নম্বর আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জুমার নামাজ শেষে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার ওপর গুলি ছোড়ে। গুলি তার বাম কানের নিচে লাগে। সঙ্গে থাকা মিসবাহ জানান, রিকশাতেই তাকে দ্রুত হাসপাতালে আনা হয়।
এর আগে গত মাসে দেশি-বিদেশি নম্বর থেকে হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেছিলেন ওসমান হাদি। নভেম্বর মাসে তিনি জানান, অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সটের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ১৪ নভেম্বর ফেসবুকে এক পোস্টে তিনি অভিযোগ করেন—তাকে হত্যা, তার বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের ‘খুনিরা’ তাকে নজরদারিতে রাখার হুমকি দিচ্ছে এবং তিন ঘণ্টার মধ্যে প্রায় ৩০টি বিদেশি নম্বর থেকে বার্তা পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়