নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
একই সিদ্ধান্তে তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–র সাধারণ সম্পাদক (জিএস) পদও বাতিল করা হয়েছে। তিনি ২০১৯ সালে এ পদে নির্বাচিত হয়েছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
প্রক্টর জানান,
গোলাম রাব্বানীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠার পর বিষয়টি সিন্ডিকেটে পাঠানো হয়।
সিন্ডিকেট একটি তদন্ত কমিটি গঠন করে, এবং তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় সিন্ডিকেটের সুপারিশ অনুযায়ী একাডেমিক কাউন্সিল তার ছাত্রত্ব বাতিলের সিদ্ধান্ত নেয়।
এর আগে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী রাশেদ খান এবং ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. সানাউল্লাহ হক গত ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি আবেদন করেন।
আবেদনপত্রে তারা অবৈধভাবে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া নিষিদ্ধ ছাত্রলীগের সদস্যদের সদস্যপদ বাতিল, ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে পদক্ষেপ গ্রহণ এবং ২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে সংঘটিত হামলার বিচারের দাবি জানান।
বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়ে রাশেদ খান লেখেন—
“আলহামদুলিল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ছাত্রত্ব বাতিল হওয়ায় তার ডাকসু পদও অবৈধ। ২০১৯ সাল থেকে আমার সংগ্রাম চলছিল, ২০২৫ সালে এসে ন্যায়বিচার পেলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়