প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ৮:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৬, ৫:১৯ এ.এম
টাকার রাজ্যে মানুষ এখন
টাকা থাকলে আপনিই আজ
সমাজের মহারাজ,
টাকা ছাড়া গুণ থাকলেও
আপনি নাকি অকাজ!
টাকা থাকলে দাওয়াত আসে
চেয়ার থাকে সবার আগে,
টাকা ফুরালে সেই আপনজন
চিনবে না আর ভাগে!
টাকা হলে প্রধান অতিথি
মঞ্চে হবে জয়ধ্বনি,
টাকা ছাড়া জ্ঞানী হলে
আপনি শুধু “গুণী”!
গুণের দাম নেই এ সমাজে
দাম আছে পকেটের,
টাকার গন্ধ পেলেই দেখো
ভিড় জমে সব চাটুকারের!
টাকা যার- বুদ্ধি তার
টাকা যার- মান,
টাকা যার- ভুল করলেও
সেটাই নাকি জ্ঞান!
গরিব যদি সত্য কথা কয়
বলে- “বেশি বোঝে!”
ধনী যদি মিথ্যা বলে,
“দারুণ কথা!”-রোজে!
টাকার কাছে ন্যায় বিকোয়
বিকোয় বিচারবোধ,
টাকার জোরে অপরাধীও
পেয়ে যায় সম্মান-সনদ!
টাকা থাকলে চোরও ভদ্র,
দুর্নীতিবাজ “স্যার”,
টাকা ছাড়া সৎ মানুষটা
হয়ে যায় বেকার!
টাকার জোরে পদ-পদবি
টাকার জোরে খ্যাতি,
যোগ্যতার দরজা বন্ধ-
খোলে শুধু নোটের চাবি!
ভালো লেখক হতে গেলেও
টাকার লাগে আগে,
কলম নয়, পকেট ভারী-
তবেই নামটা জাগে!
সেলিব্রিটি হতে হলে
প্রতিভা পরে চাই,
আগে চাই যে প্রচারণা-
প্রচারণার টাকা চাই!
টাকা দিয়ে ছবি ওঠে
টাকা দিয়ে বাহবা,
টাকা দিয়ে ভক্ত কেনা-
কী চমৎকার চালাকি বাবা!
জন্মের সময় টাকা লাগে
মৃত্যুতেও খরচ,
মাঝখানে যে জীবনটুকু-
সেটাও টাকার দখল!
টাকার কাছে বাবা বিকোয়
ভাই বিকোয়, ভাই,
টাকা গেলে সম্পর্কগুলো
“আপনি কে?”-তাই!
টাকা যার সে ভুল করলেও
ভুলটা হয় “কৌশল”,
টাকা যার নেই- তার সত্য কথাও
হয়ে যায় “বাজে ফসল”!
এ দুনিয়ায় পকেট মোটা
হলেই আপনি মহান,
পকেট খালি- তবে আপনার
হাজার গুণও অজ্ঞান!
টাকার রাজ্যে মানুষ এখন
মানুষ নয়- দাম,
কে কত দামে বিকোয় বলো,
সেই তো তারই নাম!
বিবেক যদি বিক্রি করো
দামটা ভালো নিও,
সততার বাজার মন্দ-
নগদ টাকা নিয়ে নিও!
আজকে টাকা, কালকে টাকা
টাকাই সকাল-সন্ধ্যা,
টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে
হারায় মানুষ- নিজেরই ছায়া!
তাই তো বলি- টাকা রাখো
টাকা হোক প্রয়োজন,
কিন্তু টাকার গোলাম হয়ে
বিকিয়ে দিও না বিবেক-মন।
কারণ টাকা দিয়ে রাজপ্রাসাদ
কেনা যায় অনায়াসে,
কিন্তু মানুষ কেনা গেলেও
মানুষত্ব কেনা যায় না-
এই সত্যটাই ভুলে গেছে
টাকার পেছনে ছোটা সমাজে!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত