রাজধানীর নয়াপল্টন এলাকায় একটি স্কুলে চার বছরের কম বয়সী এক শিশুকে নির্যাতনের ঘটনায় স্কুলটির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’র প্রি-প্লে শ্রেণিতে এ ঘটনা ঘটে।
শিশুটির মা বাদী হয়ে শিশু অধিকার আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া ও প্রতিষ্ঠাতা শারমিন জাহানকে আসামি করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে মিরপুর এলাকার একটি বাসা থেকে পল্টন থানা পুলিশ পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি পল্টন থানায় রয়েছেন।
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পুলিশের আরেকটি দল স্কুলটির প্রতিষ্ঠাতা শারমিন জাহানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তাকে শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে পুলিশ।