বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আমদানি এলসি (ঋণপত্র) খোলার জন্য দেশে পর্যাপ্ত ডলার রিজার্ভ রয়েছে এবং রমজানকে সামনে রেখে পণ্য আমদানিতে কোনো ঝুঁকি নেই। তিনি বলেন, গত বছরের তুলনায় এবার বিভিন্ন পণ্যে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেশি এলসি খোলা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত চতুর্থ ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন।
গভর্নর জানান, চলতি অর্থবছরে এলসি ওপেনিং গতবারের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে রমজানকেন্দ্রিক পণ্য আমদানিতে কোনো ধরনের ঘাটতির ঝুঁকি নেই।
খেলাপি ঋণ প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন দেশের ব্যাংকখাতের অন্যতম বড় সংকট। মোট ব্যাংকঋণের এক-তৃতীয়াংশের বেশি বর্তমানে খেলাপি হয়ে গেছে। বাকি ঋণের ওপর নির্ভর করেই ব্যাংকগুলো টিকে আছে, যা আর্থিক খাতকে চাপে ফেলেছে।
নতুন তথ্য ও শ্রেণিকরণনীতি প্রয়োগের ফলে প্রতি প্রান্তিকে খেলাপি ঋণ আরও বাড়ছে। দুই বছর আগে অনুমান করা হয়েছিল খেলাপি ঋণ ২৫ শতাংশ হতে পারে, যদিও সরকারি হিসাব দেখাচ্ছিল ৮ শতাংশ। বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ৩৫ শতাংশ ছাড়িয়েছে।
তিনি আরও বলেন, খেলাপি ঋণের সংকট থেকে দ্রুত উত্তরণ সম্ভব নয়। বর্তমান পরিস্থিতি থেকে পুরোপুরি স্বাভাবিক হতে কমপক্ষে ৫ থেকে ১০ বছর সময় লাগবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়