জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে দুই হাত তুলে স্যালুট দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার জাতীয় রাজনীতির ময়দানে নামার ঘোষণা দিয়েছেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সুজন বলেন, ‘অনেকে এতিমের টাকা মেরে, যাত্রাপালা করে সংসদে যেতে পারেন। আমি রিকশাচালক হয়ে কেন সংসদে যেতে পারবো না? মানুষের পাশে থাকতে চাই, তাদের কথা বলতে চাই।’
তিনি আরও জানান, জুলাই আন্দোলনে ঢাকা–৮ আসনের বিশ্ববিদ্যালয় এলাকায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সেই অভিজ্ঞতা থেকেই এই আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ঢাকা–৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস এবং জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট হেলাল উদ্দিন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়