1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মেডিকেল বোর্ডের সংকেতের অপেক্ষায় কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি সম্পূর্ণ হলেও তার চিকিৎসাসংক্রান্ত মেডিকেল বোর্ডের সবুজ সংকেত না মেলায় কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স এখনো ঢাকায় রওনা দেয়নি।

শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান, দলের পক্ষ থেকে কাতার কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

এনামুল হক চৌধুরী বলেন, “ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। তারা এখন প্রস্তুত অবস্থায় রয়েছে। বোর্ড সিদ্ধান্ত দিলেই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে উড়াল দেবে এবং বেগম জিয়াকে লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় করা হচ্ছে।”

তিনি আরও জানান, জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়টি বিএনপির নয়; কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে। সব আয়োজনই রয়েল কর্তৃপক্ষ তত্ত্বাবধানে সম্পন্ন হচ্ছে।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে। তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসক দল জানিয়েছে, তিনি এখনো উড়োজাহাজে ভ্রমণের মতো স্থিতিশীল নন, যার ফলে লন্ডন যাত্রা বিলম্বিত হচ্ছে।

গত দু’দিন ধরে মেডিকেল বোর্ড বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে তাদের প্রতিবেদন পর্যালোচনা করছে। শুক্রবার দুটি বৈঠকে চিকিৎসকেরা তার চিকিৎসার অগ্রগতি ও বর্তমান শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করেন। বোর্ড প্রতিদিনই নিয়মিত বৈঠকে তার অবস্থার মূল্যায়ন করছে।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড তার চিকিৎসা তত্ত্বাবধান করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও এই বোর্ডের সদস্য এবং বেগম জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি ঘিরেই তিনি শুক্রবার ঢাকায় পৌঁছেছেন।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!