ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইঙ্গিত দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে দেশটি সামরিক হামলার মুখে পড়তে পারে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটন ডিসিতে বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, গত বছরের জুনে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাই গাজায় যুদ্ধবিরতির পথ প্রশস্ত করেছিল। তার দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা কঠিন হতো।
তিনি বলেন, “এখন আমাদের হয়তো আরও এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাবো। আগামী প্রায় ১০ দিনের মধ্যেই তা জানতে পারবেন।”
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ ‘ভালো অগ্রগতি’ করেছে। তবে এই আলোচনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি জোরদার করেছে। সেখানে দুটি বিমানবাহী রণতরী ও ডজনখানেক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার ট্রাম্প আরও বলেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে তার কূটনৈতিক উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ‘খুব ভালো বৈঠক’ করেছেন। তিনি যোগ করেন, “আমাদের একটি অর্থবহ চুক্তি করতে হবে। না হলে খারাপ কিছু ঘটবে।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়