দক্ষিণ ফিলিপাইনের বাসিলান প্রদেশে ৩৫০ জনের বেশি আরোহী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এবং এখনো ২৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, রোববার দিবাগত মধ্যরাতের পর জাম্বোয়াঙ্গা থেকে দক্ষিণ সুলুর জোলো দ্বীপের উদ্দেশে যাত্রাকালে দুর্ঘটনাটি ঘটে। ফিলিপিন্স কোস্টগার্ড (পিসিজি) জানায়, জাম্বোয়াঙ্গা ছাড়ার প্রায় চার ঘণ্টা পর ফেরিটি বিপদ সংকেত পাঠায়। ওই সময় ফেরিটিতে ৩৩২ জন যাত্রী ও ২৭ জন ক্রু সদস্য ছিলেন।
পিসিজির তথ্য অনুযায়ী, বাসিলান প্রদেশের উপকূল থেকে প্রায় এক নটিক্যাল মাইল (প্রায় ২ কিলোমিটার) দূরে ফেরিটি ডুবে যায়। দুর্ঘটনার সময় আবহাওয়া অনুকূলে ছিল। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া অনেককে নিকটবর্তী বালুক-বালুক দ্বীপে নেওয়া হয় এবং পরে আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ মিন্দানাও জেলার কোস্টগার্ড কমান্ডার রোমেল দুয়া বার্তা সংস্থা এএফপিকে জানান, এখন পর্যন্ত অন্তত ৩১৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখনও ২৮ জন নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, ফেরি ডুবে যাওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ফেরিটি যাত্রার আগে কোস্টগার্ডের ছাড়পত্র পেয়েছিল এবং এতে ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হয়নি বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইনে ঘন ঘন ঝড়, ফিটনেসবিহীন জাহাজ এবং অতিরিক্ত যাত্রী বহনের কারণে প্রায়ই ফেরিডুবির ঘটনা ঘটে। এর আগে শুক্রবার চীনগামী একটি ফেরি ডুবে দুই ফিলিপিনো নাবিক নিহত হন এবং চারজন নিখোঁজ হন। তারও আগে গত সোমবার আরেকটি জাহাজডুবিতে অন্তত ছয়জন নিহত ও নয়জন নিখোঁজ হন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়