যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ ১৫ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনা (SATENA) বিষয়টি নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে সাতেনা জানায়, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি বিচক্রাফ্ট (Beechcraft) ১৯০০ টুইন-প্রপেলার উড়োজাহাজ। বিমান সংস্থার তথ্য অনুযায়ী, ফ্লাইট এনএসই ৮৮৪৯ বুধবার কলম্বিয়ার কুকুতা শহর থেকে উড্ডয়ন করে। এতে ১৩ জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্লাইটটি একটি ‘মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। বিমানের ধ্বংসাবশেষ ভেনেজুয়েলার সীমান্তের খুব কাছাকাছি পাহাড়ি ও দুর্গম একটি এলাকায় পাওয়া গেছে।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫ মিনিটে ভেনেজুয়েলা সীমান্তসংলগ্ন ওকানিয়া শহরে অবতরণের কথা ছিল বিমানটির। তবে নির্ধারিত অবতরণের সময়ের ১১ মিনিট আগে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
সরকারি যাত্রী তালিকা অনুযায়ী, নিহতদের মধ্যে রয়েছেন আইনপ্রণেতা ডায়োজেনেস কুইন্তেরো আমায়া এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের প্রার্থী কার্লোস সালসেদো।
বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরপরই দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করা হয়। যাত্রীদের স্বজনদের তথ্য জানাতে একটি হটলাইন চালু করা হয়েছে। উদ্ধার অভিযানে কলম্বিয়ার সশস্ত্র বাহিনী সহায়তা করছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়