ঢাকার মিরপুরে স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে আদালত আবেদনটি খারিজ করে দেন।
এর আগে, গত ১৮ জুন জাহের আলভী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। পরে মামলার তদন্তের স্বার্থে গোয়েন্দা পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, মামলার অপর আসামি ও জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি গত ৪ জুন আদালতে আত্মসমর্পণ করলে তাকে জামিন দেওয়া হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর মিরপুরের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এ ঘটনায় একই দিন রাতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলা করেন। মামলায় জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলিকে আসামি করা হয়। মামলার এজাহারে অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন।
You cannot copy content of this page