‘রোড ডিভাইডারে গাছ লাগাই, সবুজে সাজাই শহর সবাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশন।
বুধবার (৪ জুন) বিকেলে তেজগাঁও এলাকায় সড়ক বিভাজকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনটি জানিয়েছে, তারা দেশব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে।
কর্মসূচির উদ্বোধন করেন গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান এবং দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি রণজিৎ সরকার, সাংবাদিক বিপুল হাসান, আব্দুল্লাহ ক্বাফী, সদস্য গিরীশ গৈরিক, এমিলিয়া খানম, লাবণ্য লিপি, সাংবাদিক শাহজাহান মোল্লা প্রমুখ।
কর্মসূচিতে শিকদার এন্টারপ্রাইজের কর্ণধার আমিনুল ইসলাম সার্বিক সহযোগিতা করেন।
অনুষ্ঠানে দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম বলেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা ও বাসযোগ্য পরিবেশ গঠনে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৈশ্বিক উষ্ণতা ক্রমেই বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানো উচিত।
গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানো জরুরি। সংগঠনের উদ্যোগে তেজগাঁও এলাকায় সড়ক বিভাজকে নিমগাছের চারা রোপণ করা হয়েছে বলে তিনি জানান। তিনি সবাইকে গাছ লাগানো ও পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সেক্রেটারি রণজিৎ সরকার বলেন, একটি গাছ শুধু পরিবেশই সুন্দর করে না, বরং অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং শহরকে বাসযোগ্য রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।
You cannot copy content of this page