চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সোমবার (১৭ আগস্ট) শেষ হচ্ছে। ফল প্রকাশের পরদিন ১১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমে এবার রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছে।
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ফলাফলে সন্তুষ্ট না হয়ে গত পাঁচ দিনে তিন লাখের বেশি শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
১৯৯৮ সালের আইনে খাতা পরিদর্শনের সুযোগ না থাকলেও বর্তমান সরকারের আইনি সংশোধনের ফলে এবার শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের পাশাপাশি খাতা মূল্যায়নের সুযোগও পাচ্ছে।
খাতা পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে। ফলাফল পাওয়ার জন্য একটি মোবাইল নম্বরও দিতে হবে।
পরবর্তী ধাপে পরীক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল স্ক্রিনে দেখা যাবে। যে বিষয়ে আপত্তি রয়েছে, সেটি নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে।
প্রতিটি পত্রের জন্য পুনর্নিরীক্ষণ ফি ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিপত্র বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। ফি বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে। পেমেন্টের বিস্তারিত নির্দেশনা পোর্টালের ‘হেল্প’ অপশন থেকে জানা যাবে।
ফি পরিশোধের পর আবার পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্ত করতে হবে।
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই প্রক্রিয়ায় আবেদন করা যাবে। তবে ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকলেও একবার ফি জমা দেওয়ার পর তা বাতিল বা ফেরত নেওয়ার সুযোগ নেই।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ম্যানুয়ালি বা হাতে লিখে কোনো আবেদন গ্রহণ করা হবে না।
You cannot copy content of this page