যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও দুই দেশের মধ্যে উত্তেজনা কমার বদলে আরও বেড়েছে। গত দুই দিন ধরে উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, যা যুদ্ধবিরতির লক্ষ্যে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতাকে আরও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
এর মধ্যেই রোববার (২৮ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “খুব সম্ভবত তারা কখনোই শিখবে না।”
তিনি আরও বলেন, “এমন একটি সময় আসতে পারে, যখন আমরা আর সংযত থাকতে পারব না এবং যে কাজটি আমরা খুব সফলভাবে শুরু করেছিলাম, তা সামরিকভাবে শেষ করতে বাধ্য হব। যদি তা-ই হয়, তাহলে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর কোনো অস্তিত্ব থাকবে না।”
চার মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে মাত্র দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে এরপরও পরিস্থিতির উন্নতি হয়নি।
গত বৃহস্পতিবার হরমুজ প্রণালির কাছে একটি বাণিজ্যিক কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটে। এর জেরে শুক্রবার ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। শনিবার রাতেও ইরানের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে হামলা চালানো হয়।
এর জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) কুয়েত ও বাহরাইনে অবস্থিত আটটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও গভীর হতে পারে।
You cannot copy content of this page