রাজধানীর বিভিন্ন বাজারে রমজানের প্রথম সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কমেছে। বর্তমানে কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ১৯৫ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। তবে গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়।
শুক্রবার সকালে মোহাম্মদপুর টাউন হল বাজার, ধানমন্ডি ও রায়েরবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজার ঘুরে দেখা যায়, সোনালি জাতের মুরগিও কিছুটা কমেছে। বর্তমানে সোনালি মুরগি কেজিপ্রতি বিক্রি হচ্ছে প্রায় ৩০০ টাকায়, যা সপ্তাহখানেক আগে ছিল ৩২০ টাকা।
মাছের বাজারে পাঙ্গাস বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকা, দেশি টেংরা ৪৫০ টাকা, বেলে ২৫০ টাকা, বাইন ৬০০ টাকা, চিংড়ি ৯০০ টাকা, পাবদা ৪০০ টাকা, কই ৩৫০ থেকে ৪০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, সইল ৭০০ টাকা ও টাকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকার ও জাতভেদে চিংড়ির দাম তুলনামূলক বেশি।
বাজারে গরু ও মুরগির তুলনায় মাছের বাজারে ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে। অনেকেই দাম জেনে মাছ না কিনে ফিরে যাচ্ছেন। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে এখন ব্রয়লার মুরগির পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম কিছুটা কমেছে।
রায়েরবাজারের এক মুরগি বিক্রেতা জানান, গত সপ্তাহের তুলনায় ব্রয়লারের দাম কমেছে এবং বাজারে সরবরাহও ভালো। এক ক্রেতা বলেন, প্রথম রোজার দিনে তিনি ১৯০ টাকা কেজি দরে মুরগি কিনেছিলেন, কিন্তু আজ ১৭৫ টাকা কেজিতে কিনতে পেরেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়