নতুন সরকারের অধীনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম জাতীয় বাজেট পেশ ও পাসের লক্ষ্য নিয়ে রোববার (৭ জুন) থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন।
ঢাকার শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের মূল সংসদ কক্ষে আগামীকাল বিকেল ৩টায় এই অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বাজেট অধিবেশন সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনার জন্য সব ধরনের প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এর আগে ৭ মে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষরে অধিবেশন আহ্বান সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এই অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন, বিস্তারিত আলোচনা এবং তা পাসের কার্যক্রম সম্পন্ন হবে।
প্রচলিত রীতি অনুযায়ী, অধিবেশন শুরুর দিন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে অধিবেশনের কার্যদিবস নির্ধারণ করা হবে।
জাতীয় সংসদের কর্মকর্তারা জানান, প্রতি বছরের মতো এবারও জুন মাসে বাজেট অধিবেশন বসছে। এতে সরকারের উন্নয়ন পরিকল্পনা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা এতে অংশ নেবেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ রাজনৈতিক পটপরিবর্তনের পর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এটি ২৫ কার্যদিবস চলার পর ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ৯৪টি বিল পাস এবং ১৩৩টি সরকারি অধ্যাদেশ উত্থাপনের রেকর্ড হয়।
You cannot copy content of this page