ঝালকাঠির রাজাপুর উপজেলায় গভীর রাতে এক বসতঘরে চুরির ঘটনায় সাহসিকতার পরিচয় দিয়েছেন এক গৃহবধূ। চোরকে প্রতিরোধ করতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরলে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে অভিযোগ উঠেছে। তবে সহযোগীদের সহায়তায় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে আঙুলের বিচ্ছিন্ন অংশ রেখে যায়। পালানোর সময় ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
বুধবার (৫ আগস্ট) গভীর রাতে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ডহরশংকর গ্রামের খলিফা বাড়িতে সৌদি প্রবাসী জুয়েল খলিফার বসতঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতের খাবার শেষে গৃহবধূ মোসা. ঝুমুর বেগম (২৭) নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন তার ছেলে নাহিদুজ্জামান নোমান, মেয়ে নাফিসা এবং শাশুড়ি হাসিনা বেগম।
রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে শব্দ পেয়ে ঝুমুর বেগমের ঘুম ভেঙে যায়। ঘরের ভেতরে একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করলে ওই ব্যক্তি তার মুখ চেপে ধরেন। এ সময় উভয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তির একটি আঙুল ঝুমুর বেগমের মুখে চলে এলে তিনি সেটি শক্ত করে কামড়ে ধরেন। এতে আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায় বলে পরিবারের দাবি।
পুলিশ জানায়, এরপর অভিযুক্ত ব্যক্তি গৃহবধূকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তিনি দ্রুত পালিয়ে যান। যাওয়ার সময় ঘরে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি ও চুরির চেষ্টার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
You cannot copy content of this page