ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায়। শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হাদি বর্তমানে চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মাথা, বুক ও পায়ে আঘাত পাওয়ায় তার প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রথমে সিএমএইচে নেওয়ার কথা থাকলেও পরে পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, দুপুর ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে করে দুজন দুর্বৃত্ত এসে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়। হামলার সময় ওসমান হাদির পেছনে থাকা রিকশার যাত্রী মো. রাফি ঘটনাটির প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন।
অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি দ্রুত ও ব্যাপক তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়