ইরানের Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সাইয়েদ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। সোমবার সকালে ‘আমেরিকান-জায়নবাদী শত্রুদের সন্ত্রাসী হামলায়’ তার মৃত্যু হয়েছে বলে আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানি বার্তা সংস্থা ফারস ও তাসনিম জানায়, হামলার স্থান ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিবৃতিতে প্রায় পাঁচ দশক ধরে ইরান ও ইসলামি বিপ্লবের প্রতি খাদেমির অবদান ও আনুগত্যের প্রশংসা করা হয়।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এই পরিস্থিতিতে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অবস্থান ও উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে পাল্টা জবাব দিচ্ছে বলেও জানানো হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে আলি লারিজানি, আলি শামখানি, মোহাম্মদ পাকপৌর এবং আজিজ নাসিরজাদেহ-এর মতো প্রভাবশালী ব্যক্তিরাও নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়