বিশ্বমঞ্চে বাংলার সমৃদ্ধ বাউল দর্শন ও লোকঐতিহ্য তুলে ধরতে আগামী ১০ জুলাই যুক্তরাজ্যে শুরু হচ্ছে চার দিনব্যাপী ‘আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব ২০২৬’। ইউকে ম্যানেজমেন্ট কলেজ, বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা, উদীচী যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের কর্মসূচি ও অংশগ্রহণকারী শিল্পীদের নাম ঘোষণা করেন আয়োজকরা।
আয়োজকদের জানানো হয়, ১০ জুলাই যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অবস্থিত ইউকে ম্যানেজমেন্ট কলেজে উৎসবের উদ্বোধন হবে। এরপর ১৫ জুলাই স্কটল্যান্ডে বাউল ও লোকসংগীত নিয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
উৎসবের তৃতীয় পর্বে ১৮ জুলাই লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটিতে বাউল ও লোকসংগীতবিষয়ক আন্তর্জাতিক সেমিনার এবং কর্মশালা অনুষ্ঠিত হবে। আর ১৯ জুলাই লন্ডন টাউন হলে সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আন্তর্জাতিক আয়োজন।
এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রখ্যাত বাউলশিল্পী শফি মণ্ডল ও লোকসংগীতশিল্পী ডলি মণ্ডল। এছাড়া মঞ্চে পরিবেশনা করবেন কণ্ঠশিল্পী সরদার হীরক রাজা এবং জোহরা জমি।
আয়োজকদের আশা, উৎসবে বাংলাদেশ ও যুক্তরাজ্যের লোকশিল্পীদের পাশাপাশি দুই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে শফি মণ্ডল বলেন, লোকসংগীত একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বের মানুষের কাছে বাংলার বাউল দর্শন ও লোকঐতিহ্য আরও বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হবে।
উৎসবের আহ্বায়ক এবং উদীচী যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা বলেন, বাংলার লোকসংগীত যুগ যুগ ধরে মানবতা, সম্প্রীতি ও শিকড়ের সংস্কৃতির কথা বলে আসছে। আন্তর্জাতিক এই উৎসব বিশ্বপরিসরে বাংলা লোকসংস্কৃতিকে আরও পরিচিত করে তুলবে এবং দুই দেশের সাংস্কৃতিক বিনিময় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
You cannot copy content of this page