পাকিস্তানের বেলুচিস্তানে চলমান ‘অপারেশন শাবান’-এ আরও তিন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের দাবি, গত ৫ জুন শুরু হওয়া এই অভিযানে এ পর্যন্ত মোট ১০৫ জন নিহত হয়েছেন।
রোববার (১২ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহতরা ভারতের সমর্থনপুষ্ট বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সদস্য। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে জিয়ারতের মাঙ্গি ড্যাম পুলিশ স্টেশনে হামলার পর পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর (এফসি) এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে ‘অপারেশন শাবান’ শুরু করে।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি প্রদেশটিতে তিনটি পৃথক হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ ৪২ জন নিহত হন। এ ঘটনার পর অভিযান আরও জোরদার করা হয়েছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গত বুধবার বলেন, জিয়ারতের পুলিশ চৌকিতে হামলার জন্য ভারত-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দায়ী। তার দাবি, প্রাথমিক প্রতিরোধেই পুলিশ ১৫ জন হামলাকারীকে হত্যা করে।
তিনি আরও জানান, ওই হামলায় প্রথমদিকে নয়জন পুলিশ সদস্য নিহত হন। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে জিম্মি করে।
পাকিস্তানের কর্মকর্তাদের মতে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর থেকে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
You cannot copy content of this page