বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দেশজুড়ে সমালোচনার মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি।
রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে দেওয়া পোস্টটি সত্য হলে তা অত্যন্ত দুঃখজনক ও নারী বিদ্বেষী। আর যদি অ্যাকাউন্টটি হ্যাক হয়ে থাকে, তাহলে কেন তাৎক্ষণিকভাবে জনগণকে জানানো হয়নি এবং কেন ১২ ঘণ্টা পর সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে—সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি অভিযোগ করেন, জামায়াত বরাবরই নারী বিদ্বেষী আচরণ করে আসছে। তাদের কোনো নারী প্রার্থী নেই, অথচ নির্বাচনী প্রচারণায় নারীদের ব্যবহার করা হচ্ছে। বিএনপির নারী প্রচারকদের অনলাইন ও অফলাইনে হামলার অভিযোগও করেন তিনি এবং বলেন, নারীদের প্রতি অন্যায় ও অবজ্ঞা বিএনপি মেনে নেবে না।
এর আগে শনিবার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে একটি নারী অবমাননাকর পোস্ট ভাইরাল হয়। পরে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম জানান, শনিবার বিকেল ৪টার দিকে অ্যাকাউন্টটি হ্যাক হয় এবং কিছুক্ষণ পর বিতর্কিত পোস্ট দেওয়া হয়। বিকেল ৫টার পর অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া হয় এবং পোস্টটি মুছে ফেলা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি জিডি করা হয়েছে।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি একটি ষড়যন্ত্রমূলক হ্যাকিং। জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন এবং বিষয়টি তদন্তে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়