মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরগুনা জেলা স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের নেতারা। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে তারা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সংক্রান্ত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
উপস্থিত ছিলেন বরগুনা জেলা যুবলীগের সহ-সভাপতি মো. তৌহিদ মোল্লা, জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক আ. হালিম মোল্লা, জেলা যুবলীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জহির মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ইকবাল হোসেন, বরগুনা পৌর যুবলীগের সভাপতি রাজিব হাওলাদার, জেলা যুবলীগের সদস্য রফিক হোসেন এবং সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুল ইসলাম তনু। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং তারা বর্তমানে পলাতক।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী ইকবাল হোসেন তার ফেসবুক আইডিতে পুষ্পস্তবক অর্পণের ছবি পোস্ট করে লিখেছেন, “অমর ২১শে ফেব্রুয়ারি শ্রদ্ধা, শোক ও গৌরবের দিন।” তিনি শহীদ আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমেদ, আবদুল জব্বার ও শফিউর রহমানসহ সব ভাষা শহীদকে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়