ভারতের কলকাতায় মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামের মরদেহ বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আনা হয়েছে।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে প্রবেশ করে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মারা যাওয়া সাবেক এমপির মরদেহ দেশে আনা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যরা তা গ্রহণ করেছেন।
জানা গেছে, আওয়ামী লীগের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট তিনি অবৈধভাবে ভারতে চলে যান। পরে অসুস্থ হয়ে পড়লে কলকাতার দমদম এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। চিকিৎসকদের মতে, মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তার মৃত্যু হয়েছে।
মৃত্যুকালে হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে উপস্থিত ছিলেন। তার স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন এবং বাবার অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলাম সেখানে যান।
জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল–সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবেও দুইবার নির্বাচিত হয়েছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়