ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় একাধিক তেলের ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর ছিদ্র হওয়া পাইপলাইন ও ডিপো থেকে জ্বালানি তেল শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় মিশে রাস্তাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে, যা ‘আগুনের নদী’ তৈরি করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তেহরানের রাস্তার পাশের ড্রেন দিয়ে দাউদাউ করে আগুন প্রবাহিত হচ্ছে।
ইরানি তেল মন্ত্রণালয় জানায়, তেহরান ও পাশের কারাজ শহরের তিনটি জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সের তথ্য অনুযায়ী, এতে অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন।
এদিন তেহরান ও আলবোরজের চারটি তেল মজুত কেন্দ্র এবং একটি পেট্রোলিয়াম পণ্য স্থানান্তর কেন্দ্রেও হামলা চালানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ইরানি নিরাপত্তা বাহিনী ও ফায়ার সার্ভিস।
তবে ইরান সরকার জানিয়েছে, হামলায় ক্ষয়ক্ষতি হলেও দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
সূত্র: আল জাজিরা
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়