ঋণ খেলাপির মামলায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাঁর নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না বলেও আদালত জানিয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে গত ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন নির্ধারণ করা হয়েছিল।
আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
অন্যদিকে, আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
এর আগে ঋণ খেলাপির অভিযোগ থাকা সত্ত্বেও গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
পরে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট ব্যাংক রিট দায়ের করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। এরপর ব্যাংক কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করে। একই সঙ্গে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন। তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলেও ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন আদালত।
পরবর্তীতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। তবে আদালতের পূর্ববর্তী নির্দেশনার কারণে তাঁর ফলাফল প্রকাশ করা হয়নি। সর্বশেষ আপিল বিভাগের রায়ের ফলে তিনি শপথ নিতে পারবেন না এবং তাঁর নির্বাচনী ফলাফলও প্রকাশ করা যাবে না।
You cannot copy content of this page