বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, দিল্লি ও ঢাকার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে এই মহীয়সী নেত্রীর গুরুত্বপূর্ণ অবদান সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন রাজনাথ সিং। এ সময় তিনি সেখানে সংরক্ষিত শোক বইতে ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানিয়ে একটি বার্তা লেখেন।
শোকবার্তায় তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়া শুধু একজন প্রভাবশালী নেত্রীই ছিলেন না; বরং দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর আগে বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে রাজনাথ সিংকে স্বাগত জানান দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।
উল্লেখ্য, এটি রাজনাথ সিংয়ের দ্বিতীয়বারের মতো বাংলাদেশ হাইকমিশন সফর। এর আগে ২০২১ সালের ২২ নভেম্বর তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। সে সময়ও তাঁর সফর কূটনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছিল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়