কানাডার আলবার্টা প্রদেশের ‘কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইট’ সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে অগ্নিকাণ্ডে সশস্ত্র বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৯ জন। তাঁদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে প্রশিক্ষণ চলাকালে আগুনের সূত্রপাত হয়। নিহতরা হলেন সার্জেন্ট মরগান ওং, প্রাইভেট শন ফ্যারেল, প্রাইভেট এইডান গোল্ডিং ও প্রাইভেট হেইডেন লাইকেমার্ক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রিজার্ভ ফোর্স এবং প্রিন্সেস প্যাট্রিসিয়ার কানাডিয়ান লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সদস্যরাও রয়েছেন।
মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানান, প্রশিক্ষণের সময় পদাতিক বাহিনীর সদস্যরা সরাসরি গোলাবারুদ, গ্রেনেড ও গ্রেনেড লঞ্চার ব্যবহার করে যুদ্ধ মহড়া চালাচ্ছিলেন। এ সময় প্রশিক্ষণ এলাকা থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ঘাসের মাঠে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং দিক পরিবর্তন করে সামরিক স্থাপনার দিকে এগিয়ে যায়।
ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি এটিকে শান্তিকালীন সময়ে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন।
সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ড বা তেল-গ্যাস অবকাঠামোর কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
You cannot copy content of this page