গ্রিস থেকে জার্মানিগামী রায়ানএয়ারের একটি ফ্লাইটে মাঝআকাশে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানের একটি জানালার অ্যাক্রিলিক অংশ খুলে গেলে এক যাত্রী আংশিকভাবে বিমানের বাইরে ছিটকে পড়েন। তবে তার স্ত্রীর তাৎক্ষণিক সাহসিকতা এবং অন্য যাত্রীদের সহযোগিতায় প্রাণে রক্ষা পান তিনি।
সার্বিয়ার সংবাদমাধ্যম নোভাকে দেওয়া সাক্ষাৎকারে যাত্রীর স্ত্রী সভেতলানা গ্রকোভিচ জানান, তার স্বামী লিউবিশা কারোভিচ জানালার পাশে বসেছিলেন। হঠাৎ জানালার অ্যাক্রিলিক অংশ খুলে গেলে তিনি মাথার দিক থেকে বাইরে ছিটকে পড়েন। সিটবেল্ট বাঁধা থাকায় পুরোপুরি বাইরে পড়ে যাননি, তবে শরীরের অর্ধেক অংশ বিমানের বাইরে ঝুলে ছিল।
তিনি বলেন, "আমি সঙ্গে সঙ্গে তার দুই পা শক্ত করে ধরে ফেলি। প্রায় দুই মিনিট তার বুক পর্যন্ত অংশ বিমানের বাইরে ছিল।"
পরে আরও দুই যাত্রীর সহায়তায় অচেতন হয়ে পড়া লিউবিশাকে বিমানের ভেতরে টেনে আনা সম্ভব হয়।
ঘটনার ভয়াবহ মুহূর্তের কথা স্মরণ করে সভেতলানা বলেন, "সেই সময় আমার মাথায় একটাই চিন্তা এসেছিল—যদি মরতে হয়, তাহলে একসঙ্গেই মরব।"
ঘটনাটি ঘটে গত শুক্রবার গ্রিসের থেসালোনিকি থেকে জার্মানির মেমিংগেনগামী মাল্টা এয়ার পরিচালিত রায়ানএয়ারের একটি ফ্লাইটে। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর বিমানটি হঠাৎ প্রায় ৯ হাজার ফুট নিচে নেমে আসে। কেবিনের চাপ কমে যাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন মাস্ক নেমে আসে এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সহযাত্রীরা জানান, ৬১ বছর বয়সী লিউবিশা কারোভিচ কয়েকবার জ্ঞান হারিয়েছিলেন। বর্তমানে তিনি গ্রিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার হাত গুরুতরভাবে আহত হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে দগ্ধের চিহ্ন রয়েছে। পুরো ঘটনার স্মৃতিও এখনো তার মনে নেই।
সভেতলানা জানান, একজন নারী ও একজন পুরুষ যাত্রী তাকে উদ্ধারে সহায়তা করেন। বিশেষ করে আলবেনীয় বংশোদ্ভূত এক যাত্রীর ভূমিকার কথা উল্লেখ করে তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানানোর ইচ্ছা প্রকাশ করেন তিনি।
ঘটনার পর রায়ানএয়ার জানায়, উড্ডয়নের কিছুক্ষণ পর এক যাত্রীর পাশের জানালার অংশ খুলে যাওয়ার ঘটনা ঘটলে বিমানটি নিরাপদে থেসালোনিকি বিমানবন্দরে ফিরে আসে। পরে যাত্রীদের জন্য বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করা হয় এবং একই দিন তারা জার্মানির উদ্দেশে যাত্রা সম্পন্ন করেন।
ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করছে গ্রিসের হেলেনিক এয়ার অ্যান্ড রেল সেফটি ইনভেস্টিগেশন অথরিটি।
You cannot copy content of this page