সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি থ্রিডি বা অন্য কোনো বিশেষ আঙ্গিকে ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ-সংক্রান্ত একটি পরিপত্র রবিবার (৫ জুলাই) জারি করা হয়েছে।
পরিপত্রে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও মূল বিষয়বস্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এ নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা অনতিবিলম্বে কার্যকর হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন জানান, পরিপত্রের বিষয়টি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব এবং সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের অবহিত করা হয়েছে। পাশাপাশি তাদের অধীনস্থ দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া প্রধান তথ্য কর্মকর্তা, দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছেও পরিপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
You cannot copy content of this page