1. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  2. info@www.media71bd.com : TV :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করলেন তারেক রহমান

ডেস্ক নিউজ
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান। প্রায় পৌনে দুই ঘণ্টা অবস্থানের পর রাত ৯টা ১০ মিনিটে যমুনা ত্যাগ করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে তাদের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি ছাড়াও সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপার্সন কার্যালয় থেকে বের হয়ে নিজ বাসভবনে যান তারেক রহমান। পরে ৬টা ৫২ মিনিটে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।

উল্লেখ্য, গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথম একান্ত বৈঠক হয়। সে সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত ওই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দেন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর বিমানবন্দরে নেমেই নিরাপত্তা ও সার্বিক সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান তিনি।

গত ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। পরদিন ৩১ ডিসেম্বর জাতীয় সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের সাক্ষাৎ হয়। এরপর ৯ জানুয়ারি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করলেন তারেক রহমান।

More News Of This Category

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!