যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার ব্যবসায়ী মাহমুদুল ইসলামের তিন বছর আগে চুরি হওয়া মোটরসাইকেল অবশেষে উদ্ধার হয়েছে। ঘটনাচক্রে, ঠিক তিন বছর আগের মতো এবারও পবিত্র রমজান মাসেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটকরা হলেন—বাঘারপাড়া উপজেলার জোহরপুর গ্রামের নাজমুল ইসলাম ও একই উপজেলার তেলকুপা গ্রামের পলাশ।
ভুক্তভোগী মাহমুদুল ইসলাম জানান, তিন বছর আগে রমজান মাসে দুপুরের নামাজ পড়তে তিনি চাঁচড়া চেকপোস্ট এলাকার একটি মসজিদে যান। নামাজ শেষে বাইরে এসে দেখেন তার অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন, তবে দীর্ঘ সময়েও মোটরসাইকেলের কোনো সন্ধান পাননি।
রোববার দুপুরে হঠাৎ করে যশোর জেলা স্কুলর সামনে তিনি দেখতে পান, তার সেই মোটরসাইকেলটি অন্য একজন চালিয়ে নিয়ে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে আরেকটি মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেন। পরে চাঁচড়া চেকপোস্ট এলাকায় স্থানীয়দের সহায়তায় মোটরসাইকেলসহ ওই ব্যক্তিকে আটক করেন এবং পুলিশকে খবর দেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার এসআই আলমগীর জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়