দক্ষিণ এশিয়ার ফুটবলের চলমান সাফ চ্যাম্পিয়নশিপে রেফারির সিদ্ধান্ত আরও নির্ভুল করতে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে ভিডিও সহকারী রেফারি (ভিএআর) প্রযুক্তি। প্রতিযোগিতার সেমিফাইনালের দুটি ম্যাচ এবং ফাইনালে এ প্রযুক্তি ব্যবহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ)।
সাফের বিবৃতিতে জানানো হয়েছে, আসিয়ান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সহযোগিতায় এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। স্পেনভিত্তিক ফিফা-স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠান ‘কোয়ালিটি’ পুরো কার্যক্রম পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যক্রম চলবে থাইল্যান্ড থেকে।
সাফে ব্যবহার করা হবে রিমোট ভিএআর পদ্ধতি। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের সরাসরি ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হবে। সেখানে প্রশিক্ষিত ভিডিও ম্যাচ কর্মকর্তারা ফুটেজ পর্যালোচনা করে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নির্ধারিত ভিএআর প্রটোকল অনুসরণ করবেন। প্রয়োজন অনুযায়ী তাঁরা মাঠের রেফারিকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবেন।
ইতোমধ্যে ঢাকার জাতীয় স্টেডিয়ামে রেফারি রিভিউ এরিয়া (আরআরএ) এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর (টিওটিএএম) স্থাপন করা হয়েছে। প্রযুক্তির নির্বিঘ্ন ব্যবহার নিশ্চিত করতে কোয়ালিটির বিশেষজ্ঞরা মাঠে থেকেই কাজ করছেন। অন্যদিকে, থাইল্যান্ডে থাকা কর্মকর্তারা সরাসরি ভিডিও ফুটেজ পর্যালোচনা করবেন।
সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল বলেন, আসিয়ান কাপেও থাইল্যান্ড থেকে ভিএআর পরিচালনা করা হয়েছে। সাফেও একই পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ইন্টারনেট সংযোগসহ প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পুরো কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হবে।
এ উদ্যোগকে দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য মাইলফলক হিসেবে উল্লেখ করে পুরুষোত্তম কাট্টেল বলেন, ভিএআর প্রযুক্তির সংযোজন এ অঞ্চলের ফুটবলে একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রতিযোগিতার পেশাদার মান উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রযুক্তি চালুতে সহযোগিতার জন্য এএফসি ও এএফএফের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
You cannot copy content of this page