চট্টগ্রামের রাউজানে মো. করিম (৩৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত করিম ওই ইউনিয়নের হারপাড়া গ্রামের মো. শফির ছেলে।
স্থানীয়রা জানান, রাতে কেরানিহাট বাজারের প্রবেশমুখে হঠাৎ কয়েকটি গুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে রাস্তার ওপর করিমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তবে অন্ধকারের কারণে হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তারা।
উরকিরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আরমান জানান, করিমের মাথা ও বুকে গুলির ক্ষত এবং ঘাড়, হাত ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য অনুযায়ী, করিমের বিরুদ্ধে মাদক কারবার, ছিনতাই, চুরি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মাদকসংক্রান্ত একটি মামলায় তিনি আগে কারাভোগও করেছিলেন।
পুলিশের প্রাথমিক ধারণা, অপরাধজগতের অভ্যন্তরীণ বিরোধ অথবা মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
খবর পেয়ে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
রাউজান থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, নিহতের শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। করিমের বিরুদ্ধে থাকা অভিযোগ ও অতীত কর্মকাণ্ডের তথ্য যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলছে।
You cannot copy content of this page