বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলটি ৪৯ বছরে পা দিচ্ছে।
দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় একাধিকবার রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি এবার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নতুন রাজনৈতিক বাস্তবতায়। দীর্ঘদিনের আন্দোলন, মামলা-হামলা ও কারাবরণের পর দলটি বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। আগামী দিনগুলোতে গণতন্ত্র, সুশাসন ও রাজনৈতিক ঐক্যকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়ার কথা বলছেন দলটির নেতারা।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাঁর স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর দলের চেয়ারম্যান নির্বাচিত হন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান। দলকে পুরনো রাজনৈতিক বৃত্তের বাইরে নিয়ে গিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে বলে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেছিলেন। পরবর্তী সময়ে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি প্রতিষ্ঠা করা হয়।
জিয়াউর রহমান ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দায়িত্ব পালন করেন প্রথম মহাসচিব হিসেবে।
বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় ঐক্য, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের মধ্যে স্বনির্ভরতার চেতনা জাগিয়ে তোলাকে দলের রাজনৈতিক দর্শনের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরেন জিয়াউর রহমান। তাঁর ঘোষিত ১৯ দফা পরবর্তী সময়ে দল ও সরকার পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দর্শন হিসেবে বিবেচিত হয়।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় রাজনীতিতে তাঁর নেতৃত্ব আরও শক্তিশালী হয়ে ওঠে।
১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতনের পর গণতান্ত্রিক ধারায় বিএনপির রাজনৈতিক উত্থান ঘটে। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠন করে দলটি। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনেও বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়।
২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির ওপর ব্যাপক মামলা, গ্রেপ্তার ও রাজনৈতিক চাপের ঘটনা ঘটে। ২০০৮ সালের নির্বাচনে দলটি পরাজিত হয়।
এরপর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করে। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও দলটি মাত্র সাতটি আসন পায়। বিএনপি ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে।
এর আগে ২০১৭ সালে দুর্নীতি মামলায় কারাবন্দী হন খালেদা জিয়া। এরপর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তারেক রহমান।
বিএনপির দাবি, দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক আন্দোলন ও নানা প্রতিকূলতা মোকাবিলার পর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের জন্য নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়।
দলটির তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিপুলসংখ্যক মামলা করা হয়। দলটির দাবি, এসব মামলায় ৩৫ লাখের বেশি মানুষকে আসামি করা হয়েছিল। একই সময়ে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডেরও অভিযোগ তোলে বিএনপি।
বর্তমানে দলটি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে। বিএনপির নেতৃত্ব বলছে, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিএনপির সাহস, সংগ্রাম, ত্যাগ ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার।
তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে বিএনপি প্রতিষ্ঠা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর মতে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
বিএনপির চেয়ারম্যান বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ রুদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন বলে দাবি করেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তারেক রহমান বলেন, তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের রূপকার।
একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও স্মরণ করেন তিনি। তারেক রহমান বলেন, খালেদা জিয়া তাঁর নেতৃত্ব ও ব্যক্তিত্বের মাধ্যমে বিএনপিকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিয়েছিলেন।
তারেক রহমান বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। বিভিন্ন সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে প্রাণ দেওয়া ও আহত হওয়া দলের নেতাকর্মীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
বিএনপির বিভিন্ন মেয়াদের সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ দলটির সরকারগুলোর সময়ে নেওয়া হয়েছিল।
তিনি আরও বলেন, দীর্ঘ দেড় দশকের শাসন-শোষণের অবসানের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ আবারও বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে চায় বিএনপি।
বাংলাদেশকে একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দলটি কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তারেক রহমান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৯টায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন।
আগামী ৫ সেপ্টেম্বর বেলা ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান। দলের জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীরাও এতে অংশ নেবেন।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ, বৃক্ষরোপণ ও মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি নেওয়া হয়েছে। একইভাবে দেশের বিভিন্ন জেলা ও মহানগর বিএনপি এবং দলের ইউনিটগুলো সুবিধাজনক সময়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
প্রতিষ্ঠার ৪৮ বছরে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে বিএনপি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। দলটির নেতারা মনে করছেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা পূরণ এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ।
দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং গণতান্ত্রিক ধারাকে সুসংহত করতে আগামী দিনে রাজনৈতিক ঐক্যকে গুরুত্ব দেওয়া হবে।
বিএনপির প্রতিষ্ঠার অন্যতম মূল চেতনা হিসেবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সামনে রেখে দেশকে উন্নয়ন ও উৎপাদনের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেছে দলটি।
You cannot copy content of this page