আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনাকে ঘিরে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি এবং প্রত্যাবাসনসংক্রান্ত যেকোনো বিষয় আইনি প্রক্রিয়া অনুযায়ী নিষ্পত্তি হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে রণধীর জয়সওয়াল সরাসরি প্রশ্নটির উত্তর না দিয়ে বলেন, “যেকোনো প্রত্যাবাসনই একটি আইনি বিষয়। এটি আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরিচালিত হবে।”
তিনি আরও বলেন, শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতা নিয়েও প্রশ্ন ওঠে। এক সাংবাদিক জানতে চান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে ভারতের ঘোষিত ১১টি উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে কি না।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উন্নয়ন সহযোগিতার প্রকল্পগুলো দুই দেশের পারস্পরিক আলোচনার ভিত্তিতে গৃহীত হয়েছে এবং এই সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে।
You cannot copy content of this page