চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি কাজ ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে শেষ হতে পারে। এরপর সরকারের নির্ধারিত তারিখে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, “২৭-২৮ জুলাই পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন করতে সময় লাগবে। এরপর সরকারের পক্ষ থেকে যখন তারিখ নির্ধারণ করা হবে, তখনই ফল প্রকাশ করা হবে।”
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ফল প্রকাশের জন্য ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে ২০ জুলাই ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. আ ন ম এহছানুল হক মিলন ওই তারিখে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন এবং সে অনুযায়ী বোর্ডগুলো প্রস্তুতিও নিয়েছিল। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে ফল প্রস্তুতের কাজে প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হয়নি। ফলে ফল প্রকাশ কয়েক দিন পিছিয়ে যায়।
তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা চলছে এবং খুব বেশি বিলম্ব হবে না।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
প্রতি বছরের মতো এবারও ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
You cannot copy content of this page