নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অটোরিকশার সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষকে কেন্দ্র করে মারধরের ঘটনায় রফিকুল ইসলাম নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রাইভেটকারচালক নাদিমকে আটক করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জপুর এলাকার রায়হান সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম পটুয়াখালীর ঘেরাখালী গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার সিএনজি পাম্পে প্রবেশ করার সময় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রাইভেটকারচালক নাদিম অটোরিকশাচালক রফিকুলকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে প্রাইভেটকারচালক নাদিমকে আটক করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page