রাতভর টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় পানিতে পড়ে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু আয়াস নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকার বাসিন্দা আবির হোসেন ও মুক্তি বেগম দম্পতির সন্তান। ঘটনাটি ঘটে শিশুটির নানার বাড়িতে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে ব্রাহ্মপল্লীসহ নগরীর বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। জলাবদ্ধতার পানি একপর্যায়ে বাড়ির ভেতর প্রবেশ করে এবং ঘরের মেঝেতে হাঁটুসমান পানি জমে যায়।
বুধবার সকালে শিশুটির মা মুক্তি বেগম ঘুমন্ত আয়াসকে খাটে রেখে রান্নাঘরে কাজ করছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে তিনি দেখতে পান, শিশুটি খাট থেকে নিচে পড়ে ঘরের জমে থাকা পানিতে ডুবে আছে।
মায়ের চিৎকারে স্বজন ও স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতাল থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে বিষয়টি নিশ্চিত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জলাবদ্ধতার পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ১টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত মাত্র আট ঘণ্টায় জেলায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বছরে ময়মনসিংহে সর্বোচ্চ বৃষ্টিপাত। টানা বর্ষণের ফলে নগরীর বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
You cannot copy content of this page