হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা Asha Bhosle-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে ৯২ বছর বয়সী এই শিল্পী Mumbai-এর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম Anandabazar Patrika-এর প্রতিবেদনে সূত্রের বরাতে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের ইমার্জেন্সি ইউনিটে তার চিকিৎসা চলছে। পাশাপাশি তিনি ফুসফুসজনিত সমস্যাতেও ভুগছেন বলে জানা গেছে।
এদিকে, তার শারীরিক অবস্থার বিষয়ে সামাজিক মাধ্যমে আপডেট দিয়েছেন তার নাতনি Zanai Bhosle। নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি লিখেছেন, “আমার দিদিমা আশা ভোঁসলে ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা আপনাদের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ করছি। চিকিৎসা চলছে। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। ভবিষ্যতে নতুন কোনো আপডেট থাকলে আমরা জানাবো।”
প্রায় আট দশকের দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য ভারতীয় চলচ্চিত্র ও অ্যালবামে গান গেয়ে বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেছেন আশা ভোঁসলে। তার কণ্ঠে বিভিন্ন ভাষার হাজারো গান সংগীতপ্রেমীদের কাছে আজও সমান জনপ্রিয়।
তার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা Dadasaheb Phalke Award অর্জন করেছেন। এছাড়া ২০০৮ সালে তিনি পান ভারতের রাষ্ট্রীয় সম্মাননা Padma Bhushan। আন্তর্জাতিক অঙ্গনেও তার সাফল্যের ছাপ রয়েছে—১৯৯৭ সালে তিনি Grammy Awards-এর জন্য মনোনীত হন।
এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও Filmfare Awards জয়ের মাধ্যমে তিনি ভারতীয় প্লেব্যাক সংগীতের ইতিহাসে অন্যতম সেরা ও সম্মানিত কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও পরিবার জানিয়েছে, চিকিৎসা চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।