দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৭ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত দেশে ৯৬৮ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় আরও ১৩৯ জনের হাম নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩ হাজার ৯৬১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১২ হাজার ৪২৫ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
প্রতিবেদনে আরও জানানো হয়, ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
You cannot copy content of this page