ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে দুই নেতার মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আলাপকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সংযুক্ত আরব আমিরাত এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোর প্রতি বাংলাদেশের পক্ষ থেকে গভীর সংহতি প্রকাশ করেন। জবাবে ইউএই প্রেসিডেন্ট ফোন করার জন্য এবং উদ্বেগ প্রকাশ করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ফোনালাপে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ যত্ন নেওয়ার জন্য দেশটির সরকার ও প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী। একইসঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি এবং ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূতসহ দূতাবাসের কর্মকর্তাদের বিভিন্ন সহযোগিতার জন্যও ধন্যবাদ জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ইউএই প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আমন্ত্রণ গ্রহণ করে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আগ্রহ প্রকাশ করেন।
ফোনালাপে আঞ্চলিক সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে সেজন্য সামরিক উত্তেজনা প্রশমনের ওপর গুরুত্বারোপ করেন দুই নেতা। পাশাপাশি বিদ্যমান সংকট নিরসনে সংলাপ ও কূটনৈতিক সমাধানের পথ অনুসরণের প্রয়োজনীয়তার কথাও তারা পুনর্ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়