চলতি সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি লঘুচাপ নিম্নচাপে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস কমিটির নিয়মিত সভায় সেপ্টেম্বর মাসের আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করা হয়।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। মৃদু তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস এবং মাঝারি তাপপ্রবাহে ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
এ ছাড়া সেপ্টেম্বর মাসে দেশে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে। ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ সাধারণত বজায় থাকতে পারে।
সেপ্টেম্বরে দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৫ থেকে ৪ দশমিক ৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল ৪ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৫ ঘণ্টা হতে পারে।
You cannot copy content of this page