স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে গিয়ে পুরাতন ভবনের কয়েকটি ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বিভিন্ন অসংগতি চিহ্নিত করে হাসপাতাল পরিচালককে দ্রুত সমাধানের তাগিদ দেন মন্ত্রী।
সাংবাদিকদের তিনি বলেন, রোগীর তুলনায় হাসপাতালে সুযোগ-সুবিধা কম। আরও চিকিৎসক প্রয়োজন, পাশাপাশি স্টাফ ও নার্সেরও ঘাটতি রয়েছে। তবে আগের তুলনায় পরিবেশের কিছু উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী জানান, রোগীরা অনেক সময় প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। একটি ছাড়া বাকি অপারেশন থিয়েটারগুলো আধুনিক নয় এবং অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞেরও সংকট রয়েছে। নিম্নমানের বেডসিট ও কাপড় ধোয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বিল সমন্বয়ের নির্দেশ দেন। সীমিত সম্পদের মধ্যেই সবার দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে এবং সারা দেশের হাসপাতাল উন্নয়নে বড় পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
এ সময় দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, হাসপাতালে কোনো দালালকে প্রশ্রয় দেওয়া হবে না এবং ট্রলি ভাড়া নিয়ে অর্থ আদায়ের মতো অনিয়মও বন্ধ করা হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়