সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে অফিসে অবস্থান করতে নির্দেশ দিয়েছে সরকার। সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা, প্রশাসনিক গতিশীলতা এবং আন্তদফতর সমন্বয় বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে ব্যক্তিগত বা দাফতরিক কর্মসূচি—যেমন সেমিনার, প্রশিক্ষণ, ব্যাংক বা হাসপাতালে যাওয়া—ইত্যাদিতে অংশ নেওয়ার কারণে নির্ধারিত সময়ে উপস্থিত থাকেন না। এতে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ব্যাহত হয় এবং প্রশাসনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ে।
নতুন নির্দেশনায় দাফতরিক কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রেও সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট সময় যেন বিঘ্নিত না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, হাসপাতাল ও কারাগারের রোস্টার ডিউটিতে থাকা কর্মী এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এ নির্দেশনার বাইরে থাকবেন। এছাড়া ভিভিআইপি প্রটোকল বা বড় ধরনের জরুরি পরিস্থিতিতে এ নিয়ম শিথিল করা যাবে।
পরিপত্রে আরও বলা হয়েছে, কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া অফিস চলাকালীন কোনো অবস্থাতেই কর্মস্থল ত্যাগ করা যাবে না। এর আগে ২০১৯ ও ২০২১ সালেও এ বিষয়ে পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।







