রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সকালে দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন—রুবেল (৩০), তার অন্তঃসত্ত্বা স্ত্রী সোনিয়া আক্তার (২৫), তাদের মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত (৩২), তার স্ত্রী দেলেরা (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা (১৯) এবং রুবেল (৩৫)।
এনায়েতের ভাগিনা সাজেদ মাতব্বর জানান, বিস্ফোরণটি ঘটে ভবনের দ্বিতীয় তলার একটি বাসায়, যেখানে রুবেল-সোনিয়া দম্পতি থাকতেন। রুবেল মোটরসাইকেল রাইড শেয়ার চালক এবং এনায়েত দুবাই প্রবাসী, যিনি কিছুদিন আগে দেশে ফিরেছেন। তাদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।
তিনি জানান, এনায়েত পরিবারসহ গ্রাম থেকে চাচাতো ভাই রুবেলের বাসায় বেড়াতে এসেছিলেন। ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার দেয়াল ভেঙে যায় এবং বাসায় থাকা ১০ জনই আগুনে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। ড্রেসিং সম্পন্ন হওয়ার পর কে কত শতাংশ দগ্ধ হয়েছেন তা নিশ্চিত করে বলা যাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়