ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর হুমকিকে উড়িয়ে দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইরান কোনো ফাঁকা হুমকিকে ভয় পায় না; বরং ট্রাম্পকেই সতর্ক থাকতে হবে যেন নিজেই নির্মূল হয়ে না যান।
সাম্প্রতিক সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকে হত্যা করার পর নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন তার ছেলে মোজতবা খামেনি।
এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করে বলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র আগের হামলার চেয়ে ২০ গুণ বেশি শক্তি দিয়ে আঘাত হানবে। তিনি আরও বলেন, এমন হামলা চালানো হবে যাতে ইরান আর কখনো পুনর্গঠন করতে না পারে।
পরে এক সাক্ষাৎকারেও ট্রাম্প নতুন নেতা মোজতবা খামেনিকে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বলেন, তিনি শান্তিতে থাকতে পারবেন না।
এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, “ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের দিকে খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয়