গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগও উঠেছে। এমন পরিস্থিতিতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করে সতর্ক ও কৌশলী অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার রাতে গুলশানে অনুষ্ঠিত বৈঠকে ফরিদপুর অঞ্চলের বিভাগীয় সাংগঠনিক নেতা ও সংসদ সদস্যরা অংশ নেন। এতে গোপালগঞ্জ ছাড়াও ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে তারেক রহমান নেতাদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন। একই সঙ্গে নিজ নিজ এলাকায় সাংগঠনিক তৎপরতা জোরদার এবং রাজপথে সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেন। তবে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার বিষয়েও কঠোর নির্দেশনা দেন তিনি।
বিএনপি নেতাদের দাবি, আশপাশের কয়েকটি জেলা থেকে আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদের গোপালগঞ্জে জড়ো করা হয়েছে। বৈঠকে তারা প্রধানমন্ত্রীকে এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সেখানে দলটির নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। গত বছর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গেও সংঘর্ষে জড়িয়েছিলেন তারা।
গত কয়েক দিন ধরে গোপালগঞ্জের বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার লগি-বৈঠা, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।
এ সময় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলক। বিক্ষোভকারীদের বিরুদ্ধে গোপালগঞ্জ প্রেস ক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগও উঠেছে।
এ ছাড়া শহরের বিভিন্ন সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি এবং গোপালগঞ্জ কলেজের নামফলক ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে তালাবদ্ধ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন বিক্ষোভকারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছয় প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণহানি এড়িয়ে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, বিজিবি ও বিশেষ বাহিনী তৎপর রয়েছে।
গোপালগঞ্জের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার ও ক্ষমতাসীন বিএনপি। পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের মাত্রা বাড়ানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। তবে আপাতত পাল্টা প্রতিরোধে না গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে ঘটনার পর গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার বিকেল সোয়া ৫টার দিকে এ-সংক্রান্ত পরিপত্র জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। তার মতে, সরকার চাইলেই হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে পারে না। বলপ্রয়োগের কারণে প্রাণহানির ঘটনা ঘটলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
তিনি অভিযোগ করেন, আশপাশের মাদারীপুর, ফরিদপুর ও শরীয়তপুর থেকে লোকজন এনে গোপালগঞ্জে সহিংসতা চালানো হচ্ছে। তাদের অনেকেই সশস্ত্র অবস্থায় রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে সংঘাত এড়িয়ে নেতাকর্মীদের সতর্ক ও সাংগঠনিকভাবে সক্রিয় থাকার কথা জানান এই সংসদ সদস্য।
বৈঠকে উপস্থিত ওই অঞ্চলের আরেক সংসদ সদস্য জানান, দলের চেয়ারম্যান বিএনপির বিভিন্ন কমিটির শীর্ষ নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিতে হলে দলীয় বিভেদ দূরে রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এ ছাড়া যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় বজায় রাখা এবং জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, গোপালগঞ্জসহ এ অঞ্চলের পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ও কৌশলী ভূমিকা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে এবং শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাশেদ খানের ভাষ্য, নির্বাচিত সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনের সীমার মধ্যে থেকেই কাজ করতে হবে।
অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অরাজকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপিও মাঠে থেকে সহযোগিতা করবে। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতন হলেও ফ্যাসিবাদী শক্তি এখনো থেমে নেই। দেশের ভেতরে ও বাইরে থেকে গোপনে নাশকতা এবং অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
You cannot copy content of this page