ইয়েমেনের অস্থায়ী রাজধানী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলার সময় প্রাসাদে দেশটির প্রধানমন্ত্রী শায়া আল-জিন্দানি ও মন্ত্রিসভার সদস্যরা অবস্থান করছিলেন। তবে হামলায় তাঁদের কেউ হতাহত হননি বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এডেনের মাশিক প্রাসাদের আশপাশে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেক বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন।
এদিকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে হুথি বিদ্রোহীরা। হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে ইরান-সমর্থিত গোষ্ঠীটি দাবি করেছে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট সামরিক কার্যক্রম লক্ষ্য করেই এ অভিযান চালানো হয়েছে।
হুথিদের ভাষ্য অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে থাকা একটি সামরিক পরিচালনাকেন্দ্র ও অস্ত্রের গুদাম।
তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সূত্র: আলজাজিরা, এপি
You cannot copy content of this page